ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
অক্টোবর ৩০, ২০২৫, ১২:০৭ এএম
নারী বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। তাদের দেওয়া ৩২০ রানের জবাবে ১৯৪ রানে অলআউট হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
বুধবার প্রথম সেমিফাইনালের খেলায় প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক লরা উলভার্টের রেকর্ড গড়া ১৬৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৯ রানের সংগ্রহ দাঁড় করায় আফ্রিকা।
৩২০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। রানের খাতা খোলার আগেই হারিয়ে ফেলে দুই উইকেট।
দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার মারিজান কাপ ইনিংসের প্রথম ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন অ্যামি জোনস ও হিদার নাইটের উইকেট। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ইংল্যান্ড।
এই চাপ সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারে আবারও আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গা খাখা। দলীয় মাত্র ১ রানের মাথায় ৩ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যের মুখে পড়ে ইংলিশরা।
এমন চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেও বেশিদূর যেতে পারেননি নাট স্কাইবার ব্রান্ট ও অ্যালিসা ক্যাপসি। তাদের জুটিতে ১০৭ রান যোগ হতেই আবারও ভাঙে পার্টনারশিপ, পড়ে আরও এক উইকেট।
এরপর আর জুটি গড়তে পারেননি ইংলিশ ব্যাটাররা। পরপর উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে যোগ করতে পারে মাত্র ১৯৪ রান। ফলে ১২৫ রানের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এ দিনের খেলায় ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ফিফটির দেখা পান নাট স্কাইবার ব্রান্ট ও অ্যালিসা ক্যাপসি। আর বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৫ উইকেট নেন মারিজান কাপ।
ব্যাট হাতে রেকর্ড গড়া ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।
ইএইচ