নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৫, ০৮:০৭ পিএম
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, চলতি বছরে ঢাকা মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকে ঢাকার বাইরে থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেছে।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “যারা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে থেকে অনেকে এসে মিছিলে অংশ নিচ্ছে এবং তাদেরকে অংশগ্রহণের জন্য অর্থায়ন করা হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে, তাদের অবস্থান জানানো এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।”
ডিসি তালেবুর রহমান আরও বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ইতিহাস যাচাই-বাছাই করা হচ্ছে। তারপরই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেককে হাতেনাতে ককটেলসহ ধরা হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়।”
তিনি জানান, ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের খরচ, থাকার ব্যবস্থা এবং অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অর্থ প্রদান করা হয়। “আমরা তথ্য সংগ্রহ করেছি এবং যারা আর্থিকভাবে সহায়তা করছে, তাদেরও আইনের আওতায় আনা হবে,” তিনি বলেন।

ডিসি তালেব বলেন, “বেশিরভাগ গ্রেপ্তারকৃত নেতাকর্মী ঢাকার বাইরের ইউনিয়ন, থানা বা উপজেলা পর্যায়ের নেতা। তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা শহরে এসেছে এবং মহানগরীর আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করার ক্ষমতা আমাদের রয়েছে।”
তালেবুর রহমানের এ তথ্যের মাধ্যমে রাজধানীর ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পেছনের অব্যাহত রাজনৈতিক তৎপরতার চিত্র উঠে আসে।
ইএইচ