নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৬, ১০:২৫ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ যদি সীমান্ত পেরিয়ে ভারতেও পালিয়ে থাকেন, তবে তাদের ফিরিয়ে আনার অনেক আইনি উপায় আছে। এই দুই খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র্যাব তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে।
রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শহিদুর রহমান বলেন, “গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে। এই ঘটনার পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা আটজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং খুনে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছি। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর এখনো পলাতক।”
তিনি আরও বলেন, “তাদের গ্রেপ্তারে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চলছে এবং তারা ধরা না পড়া পর্যন্ত আমরা থামব না। আমরা আশাবাদী যে তাদের দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব।”
এ ঘটনার প্রধান দুই আসামি ভারতে আত্মগোপন করে আছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, “আমরা প্রযুক্তিগত এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের সঠিক অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের গ্রেপ্তার করা সহজ হবে।”
র্যাব ডিজি বলেন, “কোনো আসামি যদি দেশের বাইরেও পালিয়ে যায়, তাকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। আমাদের হাতে অনেক উপায় আছে এবং তাঁদের অবস্থান শনাক্ত হওয়া মাত্রই সেই সমস্ত পথ অবলম্বন করা হবে।”
হাদি হত্যার ছায়া তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে র্যাবের এই ডিজি বলেন, র্যাব সবসময় অপরাধীদের আইনের আওতায় আনতে আপসহীন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় র্যাবের কাছে বিবেচ্য নয়; অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।
ইএইচ