আবু তাহের
মার্চ ২৯, ২০২৬, ০১:৩৮ পিএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম।’ কর্মসূচি থেকে বক্তারা বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত তা কার্যকর করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
রোববার আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের গণভোটের প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানান।
মানবন্ধনকারী সাগর বলেন- আজকের অধিবেশনে জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা করা হলে আন্দোলনকারীরা আবারও রাজপথে জীবন দিতে প্রস্তুত।
তিনি বলেন, “আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলতে পারে না।”
মারুফা মায়া বলেন- গত ১৬ বছর রক্তে ভেজা সংবিধান ব্যবহার করে গুম ও খুন চালানো হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আবার এই রক্তভেজা সংবিধানের পুনরাবৃত্তি চাই না। গণভোট নিয়ে কোনো প্রহসন আমরা চাই না। জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করা হলে জনগণই এর জবাব দেবে।”
ফটো সাংবাদিক শহীদুল্লা বলেন- সংবিধানের বাইরে অনেক কিছু বাস্তবতার কারণে মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আপনারা জনগণের রায়ে ক্ষমতায় আছেন। যদি সেটি গ্রহণ করতে পারেন, তাহলে অন্য রায় গ্রহণ করা এত কঠিন কেন? সব মতের সাথে একমত না হলেও জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।”
মানববন্ধন থেকে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দেরি হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এএন