হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫, ০৬:০৭ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্তৃক দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা আবেদ খান, ওসমান খান, আব্বাস খান, আব্দুল ওয়াছেদ খান ও আব্দুর রহমান খান দীর্ঘদিন ধরে নিজেদের পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন। জমি উদ্ধারের উদ্দেশ্যে রোববার সকালে আবেদ খান পরিবারের সদস্যরা সেখানে গেলে সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে প্রথম দফায় নারী-পুরুষসহ তিনজন আহত হন।
পরবর্তীতে আহতরা চিকিৎসার জন্য হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ফের হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, মোশারফ খানের ছেলে মাহাফুজের রহমান খান বিপ্লব, তার ভাই মিল্লাত হোসেন বাবু, মুতারজিমুল খান মুন, মশিউর রহমান খান তুফান, আরিফুর রহমান খান আরিফসহ আরও কয়েকজন এ হামলায় অংশগ্রহণ করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এমন হামলা ভবিষ্যতে বড় কোনো অঘটনের কারণ হতে পারে।
এই ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমান খান বাদী হয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন,“অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ