সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম)
সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:১৭ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীতে কিছু অসাধু চক্র বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকার করছে। এই চক্র শুধু নদীর মূল জলাধারে নয়, হালদা নদীর শাখা খালগুলোতেও বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছে। এতে মা-মাছ, ডলফিনসহ নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
স্থানীয় ডিম সংগ্রাহক এবং কয়েকটি চক্র উপজেলা প্রশাসনের নজর এড়িয়ে কখনো ঘেরা জাল, কখনো বড়শি ব্যবহার করে মাছ শিকার করছে। এমনকি মাছ শিকার করতে তারা বিষ প্রয়োগ করতেও দ্বিধা করছে না। নিয়মিত অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন মাছ ধরার অবৈধ সরঞ্জাম জব্দ করলেও, অপরাধীরা প্রায়ই ধরা পড়ছে না।
এই পরিস্থিতি মোকাবিলায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানিয়েছেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। নদীতে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেলে তা নির্ধারিত প্রক্রিয়ায় উপযুক্ত প্রমাণসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরকে জানাতে হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও জানান, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০” এবং “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫” অনুযায়ী বিষ প্রয়োগে মাছ শিকার করা গুরুতর অপরাধ। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ সংক্রান্ত নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রদান করেছেন।
ইএইচ