আজিজুল হক, চট্টগ্রাম ব্যুরো
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৩১ পিএম
চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন (২৪) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তিনি এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, “হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
নিহতের পরিবার ফাহিমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ইএইচ