মেহেরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৩৭ পিএম
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের চার জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে চার জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পুশব্যাক হওয়া পরিবারে ছিলেন চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ধরড়া গ্রামের রতন হোসেন, তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং এক মাস বয়সী শিশু পুত্র ইমাম হোসাইন।
রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে তারা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা রাজিমিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে তাদেরকে পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশীকে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পুলিশের মাধ্যমে তাদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।
ইএইচ