আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:১৬ পিএম
টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাকের মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল-৩ রিজিয়নের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্তৃক আয়োজিত “কৃষক প্রশিক্ষণ কর্মশালা” বুধবার বিকেলে জলছত্র এলাকায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্বজীৎ কুমার দে, রিজিওনাল ম্যানেজার-দাবি (টাঙ্গাইল-৩)।
এ সময় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের চলমান প্রডাক্ট যেমন শস্য নিরাপত্তা বীমা, গবাদিপ্রাণী সুরক্ষা বীমা, একুয়াকালচার বীমা এবং আসন্ন কৃষি প্রডাক্ট ও সেবা বিষয়ে আলোচনা করা হয়।
জামালপুর রিজিওনাল অফিসের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সম্প্রসারণ (কৃষি ও বীমা ইউনিট) কর্মকর্তা এ.এস.এম মাহবুবুল আলমও উপস্থিত ছিলেন।
কর্মশালায় মধুপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান স্থানীয় ফসল যেমন ধান, আনারস, কলা, পেঁপে, আদা, হলুদ উৎপাদন, যত্ন-পরিচর্যা, রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং আদর্শ বীজ নির্বাচন বিষয়ে বক্তব্য দেন।
এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, টাঙ্গাইল-৩ রিজিওনাল অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মো. বাকিুর রহমান আধুনিক কৃষি চাষাবাদ পদ্ধতি, ভার্মি কম্পোস্ট, সেক্স ফেরোমন ফাঁদ, পোকামাকড় ও রোগবালাই নিয়ে স্লাইড ও ভিডিও ফুটেজ প্রদর্শন করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন মো. আবুল বাসার সিদ্দিক, এরিয়া ম্যানেজার (দাবি) এবং মো. সুজন মাহমুদ, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি), মধুপুর এরিয়া, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, টাঙ্গাইল-৩।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের কর্মসূচি তাদের জন্য অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তারা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এই উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন এবং এর অব্যাহত রাখার আহ্বান জানান।
ইএইচ