নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
অক্টোবর ১৭, ২০২৫, ০৩:১২ পিএম
আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস আজ শুক্রবার (১৭ অক্টোবর) পহেলা ১ কার্তিক। এ বছরই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস।
দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার ঐতিহাসিক লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব ও লালন মেলা।
উৎসবকে ঘিরে বৃহস্পতিবার থেকেই লালন আখড়াবাড়ি ও আশপাশের এলাকা ভক্ত, সাধু ও অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে স্মরণোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উদ্বোধনী দিনে প্রয়াত সংগীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। প্রতিদিন আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত চলবে লালন সংগীতের আসর।

মরা কালী গঙ্গার তীরবর্তী বিশাল মাঠে শতাধিক বাউল ও ভক্ত-অনুসারী অস্থায়ী তাবু গেড়ে অবস্থান নিয়েছেন।
মাঠের পশ্চিম পাশে ভক্তদের আস্তানা, দক্ষিণে তৈরি হয়েছে বিশাল মঞ্চ এবং উত্তরে বসেছে নানান পণ্যের দোকান। সমাধি প্রাঙ্গণ ও উন্মুক্ত সেডের নিচেও ভক্তদের আসর বসেছে। একতারা-দোতারা হাতে লালনের অমর বাণী গেয়ে চলেছেন তারা।
দূরদূরান্ত থেকে হাজারো ভক্ত-অনুসারী ইতোমধ্যেই ছেঁউড়িয়ায় পৌঁছেছেন। সপ্তাহখানেক আগে থেকেই মেলা মাঠ ও আখড়াবাড়িতে জড়ো হচ্ছেন সাধু ও দর্শনার্থীরা।
মামুন নামে এক সাধু বলেন, “সরকারের এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও লালনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় আমরা আনন্দিত।”
দর্শনার্থী জেরিন বলেন, “প্রতিবছরই আসি, তবে এবার রাষ্ট্রীয়ভাবে পালনের কারণে দর্শনার্থীর ভিড় অনেক বেশি।”
স্থানীয় অনুসারী ফারুক সাধু বলেন, “এখানে আসি শাঁইজীর মর্মবাণী চর্চা করতে, পরস্পর ভাব বিনিময় ও ভক্তদের উজ্জীবিত করতে।”
সাধু শাহীন বলেন, “এখানে হিংসা-অহংকার নেই, জাত-পাত নেই, বড়-ছোটের ভেদ নেই। শাঁইজীর এই মানবধর্মই আমাদের জীবন দর্শন।”
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, “লালন শাহের ১৩৫তম স্মরণোৎসবকে ঘিরে জেলা প্রশাসন, লালন একাডেমি ও আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”
১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক আধ্যাত্মিক সাধক লালন শাহ দেহত্যাগ করেন। সেই থেকে তার স্মরণে প্রতিবছরই লালন একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উৎসব আয়োজিত হয়ে আসছে। তবে এই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে লালনের তিরোধান দিবস, যা লালনের দর্শনকে আরও বিস্তৃতভাবে দেশবাসীর কাছে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইএইচ