আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৯, ২০২৬, ১২:৪৩ পিএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্ধারিত ২০ জুলাই ফল প্রকাশ করা যাচ্ছে না। এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। তবে চলতি জুলাই মাসের শেষের দিকে ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ এগিয়ে নিচ্ছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা ছিল। কিন্তু অনুকূল পরিস্থিতি না থাকায় সেই লক্ষ্য পূরণ করা যায়নি। বর্তমানে ফল প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একাধিকবার জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী কাজ এগোলেও শেষ পর্যন্ত নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এম জি