ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫, ০২:৪৬ পিএম
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আনোয়ার আহমেদ (৬০) নামে এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড় এলাকার হাবিবুর রহমানের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আনোয়ার আহমেদ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিকিম কোম্পানিতে নয় বছর ধরে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ভাড়া বাসার বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আনোয়ার আহমেদ বিগত এক বছর ধরে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এটি পাওয়ার প্লান্টের মতো স্পর্শকাতর এলাকার ঘটনা। লাশ মর্গে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ