দাকোপ (খুলনা) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫, ০৬:২৬ পিএম
পুলিশের হাতে আটক হওয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে নিজের ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী খুলনার দাকোপের সুতারখালী গ্রামের পূর্বায়ন মন্ডলকে সর্বোচ্চ শাস্তির দাবিতে চালনা পৌরসভা ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ চালনা পৌরসভায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী পূর্বায়ন মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে জুম্মাবাদ চালনা পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন মসজিদের মুসল্লিরা ডাকবাংলো মোড়ে উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদের সামনে জড়ো হন। এলাকার হাজার হাজার মুসল্লি ও তাওহিদি জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি পরে চালনা পৌরসভা ইমাম পরিষদের নেতৃত্বে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলকারীরা এ সময় পুলিশের হাতে ধৃত পূর্বায়ন মন্ডলের ফাঁসির দাবিতে স্লোগান দেন—“নারায়ে তাকবির, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, সহ্য করবে না মুসলমান। সবাই মিলাই হাত, মোরা রাসুলের উম্মত।”
মিছিল শেষে ডাকবাংলো মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামীতে কেউই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস দেখাতে পারবে না। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আল্লাহ ও নবী রাসুলকে নিয়ে কটুক্তি করবে তাদের জন্য এই জমিনে স্থান থাকবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে হাফেজ মাওলানা মুফতি ইকবাল হুসাইন, হাফেজ মাওলানা আখতারুজ্জামান, হাফেজ মাওলানা শাহ আলম মীর, মাওলানা আব্দুল সাত্তার, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সোহরাব হুসাইন, হাফেজ নজরুল ইসলাম, আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম, মাওলানা আশিক ইলাহি, মাওলানা আবুল বাশার, আলহাজ¦ আবু দাউদ শেখ, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও স্থানীয় মুসল্লিরা।
এ ব্যাপারে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী পূর্বায়ন মন্ডলকে ঘটনার দিন রাতেই সুতারখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ