শরীয়তপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫, ১১:৩২ এএম
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নাওডোবা এলাকায় তারা অবস্থান নেন এবং ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন। পরে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে মিছিল করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে দুটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়।
ঘটনার পর পদ্মা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে আটটার পর সীমিত আকারে কিছু যান চলাচল শুরু হলেও এক্সপ্রেসওয়ের নাওডোবা অংশ এখনো বন্ধ রয়েছে। ফলে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, “সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরানোর চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়। এখন আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পারাপারে সহায়তা করা হচ্ছে।”
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে।”
ইএইচ