আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৩, ২০২৬, ১২:৪১ পিএম
চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাগিনা আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এএন