ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোটবাজারে যানজট-ফুটপাত দখলমুক্তে মাঠে ইউএনও পান্না আক্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ১৮, ২০২৬, ০৩:৪৫ পিএম

কোটবাজারে যানজট-ফুটপাত দখলমুক্তে মাঠে ইউএনও পান্না আক্তার

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং বাজারের অব্যবস্থাপনা দূর করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সরকারি জায়গা ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিয়ন্ত্রণ এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সরেজমিনে অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের একাধিক নির্দেশনা দিয়ে সেগুলো অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও পান্না আক্তার কোটবাজার স্টেশন ও বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় গত ১৫ জুলাই যানজট নিরসন-সংক্রান্ত মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে দোকান মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক, বাজার কমিটি এবং সরকারি জমি ও ফুটপাত দখলকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা অনুযায়ী, সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব অস্থায়ী দোকান নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও যানবাহন পার্কিং করা যাবে না। কোনো ব্যবসায়ী রাস্তা বা ফুটপাতে পণ্যসামগ্রী রাখতে পারবেন না। মাছ, মাংস, সবজি, ফল ও মুদিদোকানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

যানজট কমাতে মালবাহী ট্রাকের পণ্য ওঠানো-নামানোর সময় রাত ৮টা থেকে সকাল ৭টার মধ্যে নির্ধারণ করা হয়েছে। অটোরিকশা, টমটম ও সিএনজিচালিত অটোরিকশার জন্য একমুখী চলাচল এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইউএনও পান্না আক্তার বলেন, “জনস্বার্থে কোটবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়। ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, মার্কেট মালিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছাড়া স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হবে না।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, রাজাপালং ব্যবসায়ী সমিতির প্রতিনিধি আবু রায়হান, বিভিন্ন পরিবহন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোটবাজার স্টেশন ও বাজার এলাকায় সরকারি জায়গা ও ফুটপাত দখল করে অবৈধ ভাসমান দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাদের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে কোটবাজারের দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান হবে।

এম জি

Link copied!