আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫৫ পিএম
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মধুপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধুপুর ও আশপাশের এলাকার গির্জার প্রতিনিধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম।
তিনি জানান, বড়দিন উপলক্ষে মধুপুর উপজেলার ৯৩টি গির্জাসহ জেলার সব গির্জায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও সার্বক্ষণিক টহলে থাকবে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনযেত্রা এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি রনজিত নকরেক।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্ভয়ে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। খ্রিস্টান নেতৃবৃন্দও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
ইএইচ