মশিউর রহমান বাবলু, পটুয়াখালী
জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৪১ পিএম
সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কেবল কথায় নয়, তাঁদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত এই সভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব বিষয়ে সবার শতভাগ ঐকমত্য না থাকলেও দেশের বৃহত্তর পরিবর্তনের স্বার্থে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ রায়ের পক্ষেই থাকবে। তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, আগামী নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার বিশ্ববাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপস্থিত ব্যক্তিবর্গ পটুয়াখালী জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের নিরাপত্তা ও মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেএইচআর