আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)
জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা দুটিতে ১৯১ জনের নাম উল্লেখ এবং ১৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বুধবার রাতে আতিকুল ইসলাম ও আমান উল্যাহ বাদী হয়ে মামলা দুটি (নম্বর-৩৩ ও ৩৪) দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাটাজোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করলে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর হুকুমে তার কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। এ সময় অতর্কিত হামলা করে ৬-৭ জন কর্মীকে আহত করা হয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এরপর সন্ধ্যার দিকে সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে তিনজন কর্মীকে আহত এবং ৭-৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ ২১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০০ জনের নামে দুটি মামলা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ ও রফিক উদ্দিন রফিক বাদী হয়ে ভালুকা মডেল থানায় দুটি মামলা (নম্বর-৩১ ও ৩২) দায়ের করেন।
উল্লেখ্য, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
গত রোববার (২৫ জানুয়ারি) পৌর সদর, কানার মার্কেট, বাটাজোড় বাজার ও হবিরবাড়ি এলাকায় কয়েক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইসব হামলার ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় দুইপক্ষের পাল্টাপাল্টি ৪টি মামলা রুজু করা হয়েছে। বিএনপির দলীয় প্রার্থীর পক্ষের দায়ের করা মামলায় নাজিম মেম্বার নামে একজন আসামিকে তারা নিজেরা আটক করে থানায় সোপর্দ করে। আসামি বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
ইএইচ