আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:২২ পিএম
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে জমে উঠেছে রাজনৈতিক সমীকরণ। সিটি করপোরেশন ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠপর্যায়ের বিশ্লেষণে এবার ‘আলেম ভোটার’ ও ‘নতুন ভোটার’ এই দুই ফ্যাক্টরকেই জয়ের মূল নিয়ামক হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি। ১৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন।
মাঠ জরিপে দেখা গেছে, আসনে প্রায় ৪৫ হাজার আলেম ভোটার রয়েছেন, যাঁদের সমর্থন ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি লক্ষাধিক তরুণ ভোটারের উপস্থিতি প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে প্রায় ৫০ হাজার নতুন ভোটার এবার প্রথমবারের মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যাঁদের টানতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ময়মনসিংহ-৪ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জামায়াতে ইসলামীর মাওলানা কামরুল আহসান এমরুলের মধ্যে। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একটি বেসরকারি জরিপ বলছে, জয়ের ব্যবধান মাত্র ৩০ হাজার ভোটের আশেপাশে হতে পারে।
এ ছাড়া এই আসনে প্রায় ৪০ হাজার হিন্দু সম্প্রদায়ের ভোটার রয়েছেন, যাঁদের ভোট ব্যাংকও জয়-পরাজয়ের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রার্থীদের শেষ মুহূর্তের হিসাব-নিকাশে এই ধর্মীয় ও তরুণ ভোটারদের সমর্থন আদায়ই এখন প্রধান লক্ষ্য।
নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সদর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণই নির্ধারণ করবে ময়মনসিংহ সদরের আগামী দিনের জনপ্রতিনিধি কে হচ্ছেন।
জেএইচআর