নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৬, ০২:২৭ পিএম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি। আনসার সদস্যদের সরলতার সুযোগ নিয়ে এবং কিছু বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তারা আপসহীন অবস্থানে রয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতায় কোনো ঘাটতি তৈরি হয়নি বলেও জানানো হয়।
শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নানা ধরনের নেতিবাচক প্রচারণার মধ্যেও সদস্যরা হাসপাতাল, সরকারি-বেসরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছেন। তাদের কার্যক্রমের কারণে সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস বাড়ছে।
বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের সব স্টেডিয়াম ও স্থাপনার দীর্ঘমেয়াদি নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দিয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের সক্ষমতা ও দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ঘটনার বিষয়ে বলা হয়, গত ১২ জুলাই হাসপাতালের সংরক্ষিত স্থানে নিয়মবহির্ভূতভাবে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্য নির্ধারিত স্থানে মোটরসাইকেল রাখার অনুরোধ করলেও ওই ব্যক্তি তা অমান্য করেন।
পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে আনসার সদস্যকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে আনসার সদস্যদের কাছে ক্ষমা চাইলে বিষয়টির সমাধান হয়।
বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের ৫০০টি উপজেলায় ৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসক ও রোগীদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন।
বিবৃতিতে দাবি করা হয়, চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও দালাল চক্রের স্বার্থে কিছু মহল আনসার বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাহিনীর সদস্যদের বক্তব্য বিকৃত করে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
তবে এসব অপপ্রচার সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারেনি বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জনগণের সেবায় বাহিনীর সদস্যরা আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এএন