আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:১২ পিএম
ময়মনসিংহ নগরের শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জন নেতা-কর্মী ও শ্রমিক বড় হাতুড়ি ও রড নিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভবনের সামনের দেয়াল, প্রধান ফটক এবং দরজা-জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে কার্যালয়ের সামনে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। তিনি গণমাধ্যমকে বলেন, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই কার্যালয়ে এসে ফুল দেওয়া ও পতাকা উত্তোলন করেছেন। দুই দিন পার হলেও প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা প্রতিবাদস্বরূপ এই পদক্ষেপ নিয়েছেন। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কার্যালয়গুলোকে বিকল্প ব্যবহারের ঘোষণা দিয়েছিলেন বলেও জানা গেছে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আর ভাঙচুরের এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
জেএইচআর