মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
মার্চ ২৫, ২০২৬, ০৪:৫৫ পিএম
পঞ্চগড় জেলা শহরের টিন পট্টি রোড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘটা এই দুর্ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে বাজারে থাকা লোকজন চিৎকার শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে শহরের মসজিদের মাইকে সবার সহযোগিতা চাওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে 'ফেন্সি হার্ডওয়্যার'সহ ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন ছিল।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরুপণ করা না গেলেও ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বুধবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ব্যবসায়ীদের এই অপূরণীয় ক্ষতি সরকারি সহায়তা দিয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, তবে আমরা সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবো।
তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসন বরাবর আবেদনের পরামর্শ দেন এবং চেম্বার অব কমার্স ও বণিক সমিতিকে সাথে নিয়ে সম্মিলিত সহযোগিতার কথা জানান।
প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ও পুলিশ সুপার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও মির্জা নাজমুল ইসলাম কাজলসহ দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
জেএইচআর