জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
জুন ৪, ২০২৬, ০৭:১১ পিএম
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কৃতি সন্তান ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম দুলাল। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তার এ নির্বাচনে জিয়ানগরবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা মনে করেন, তার নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবেন এবং জিয়ানগরের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জাহাঙ্গীর আলম দুলাল বলেন, তিনি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ এবং দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি জিয়ানগরের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এম জি