নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬, ০৮:২৮ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব এই অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয় যাতে পুনরায় উৎপাদন শুরু করতে না পারে।
জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে মেসার্স এস কে এস ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স আবিদ ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ডকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার এক বিজ্ঞপ্তিতে জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
জেএইচআর