সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর
এপ্রিল ১১, ২০২৬, ০৯:২৩ পিএম
পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা অনেক লড়াই-সংগ্রাম করেছি, কিন্তু মেহেরপুরবাসীর সংগ্রাম এখনো শেষ হয়নি। সেদিনই এই সংগ্রাম সফল হবে, যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আপনাদের তোলা দাবিগুলো পূরণ হবে।
শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন পরবর্তী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেহেরপুর একটি কৃষিনির্ভর এলাকা। এই অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে আমরা ইতোমধ্যে সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। চলমান এই প্রকল্পগুলো শেষ হলে কৃষি বিপ্লবের মাধ্যমে এলাকার চিত্র পুরোপুরি বদলে যাবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, "শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির মাধ্যমেই দেশে কৃষি বিপ্লব ঘটেছিল এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে পেরেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় সারা দেশে পুনরায় খাল খননের উদ্যোগ নিয়েছেন, যা দেশের উন্নয়নে নতুন বিপ্লব হিসেবে গণ্য হচ্ছে।" তিনি আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো মেগা প্রজেক্টের পেছনে না ছুটে সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে প্রাধান্য দেওয়া।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ১১০০ মিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখনন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৭১ হাজার ৭৮৫ টাকা। স্থানীয় কৃষকরা মনে করছেন, খালটি খনন হলে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এলাকায় কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে। তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
জেএইচআর