মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
এপ্রিল ২৭, ২০২৬, ০৬:১০ পিএম
বাংলাদেশ থেকে ভারতে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্ট চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল এলাকার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। সোমবার দুপুরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিজ দেশে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল চেকপোস্টে পলাশ চন্দ্র মাঝির ওপর নজরদারি রাখে। তল্লাশিকালে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়, যা বহন করার জন্য কোনো বৈধ নথিপত্র তিনি দেখাতে পারেননি। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে তাকে সঙ্গে সঙ্গেই আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ প্রচলিত আইনে মামলা ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। উদ্ধারকৃত ডলারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিত করেছে।
জেএইচআর