কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৭, ২০২৬, ০২:২২ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাতকুড়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রিপন (৩১) সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার বিকেলে কর্মস্থলে একটি ভবনের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকুড়া গ্রামের পূর্বপাড়া এলাকার শামসুল হকের ছেলে রকিবুল ইসলাম রিপন জীবিকার তাগিদে ২০১৫ সালে সিঙ্গাপুরে যান। সেখানে দীর্ঘদিন ধরে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
শনিবার বিকেলে ডিউটির সময় হঠাৎ একটি ভবনের দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
রিপনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রী চার বছরের কন্যাসন্তানকে বুকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় বাসিন্দা শাহ আলম শিকদার বলেন, “রিপনের মৃত্যুর খবর শুনে পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার মানুষও মর্মাহত। দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।”
পরিবার সূত্রে জানা গেছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রিপনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এএন