চুয়াডাঙ্গা প্রতিনিধি
জুন ১, ২০২৬, ০৩:৩৭ পিএম
চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহ নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ক্বারী শাফায়াত উল্লাহ যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিনগত রাতে ক্বারী শাফায়াত উল্লাহ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।
এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবক হিসেবে পরিচিত এই নেতার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এই বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি।
জেএইচআর