কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জুন ৮, ২০২৬, ১১:৩৯ এএম
লক্ষ্মীপুরের কমলনগরে মির্জা আশরাফুল জামান রাসেল নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ৯টার দিকে উপজেলার ফাজিল মিয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উপজেলার ফাজিল মিয়ারহাট এলাকার বাসিন্দা রাসেল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মির্জা আশরাফুল জামান রাসেল আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন