পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৬, ০৪:২৮ পিএম
চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আসিফ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাঙ্গিরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসিফ ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পটিয়া থানা-পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ধর্ষণের মামলায় পলাতক ছিলেন আসিফ। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই শফিক উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
পিবিআই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর প্রধান আসামি মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ধর্ষণের মামলায় পরোয়ানাভুক্ত আসামি আসিফকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর