গাজীপুর প্রতিনিধি
জুলাই ২১, ২০২৬, ০৮:২৮ পিএম
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাসের অপচয় রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর ও শ্রীপুর আঞ্চলিক কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গাজীপুর মহানগরের সালনা মন্ত্রীবাড়ি এলাকা এবং শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় আনুমানিক ২০০টি অবৈধ দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই সঙ্গে সালনা মন্ত্রীবাড়ি এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
তিতাস গ্যাসের শ্রীপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (প্রকৌশলী) শেখ জাবের নূরানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার ভবানীপুর এবং গাজীপুর মহানগরের সালনা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের সত্যতা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে তিতাস গ্যাসের ব্যবস্থাপক (প্রকৌশলী) মো. জুয়েল রানা, উপ-ব্যবস্থাপক (প্রকৌশলী) শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো. রাকিব হাসান, শাকিল আহমেদ, শোয়াইব নাজম ও সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. মুয়াজ হোসেন এবং সহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সম্পদ রক্ষা, গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জেএইচআর