আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৪, ২০২৬, ০৩:৩৩ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বিভাগীয় কার্যালয়গুলোকে আবারও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুসরণ না করায় এ বিষয়ে নতুন করে স্মারক জারি করেছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৫ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। এ কার্যক্রমের আওতায় বিদ্যালয় থেকে বিভাগীয় কার্যালয় পর্যন্ত প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিতির তথ্য পাঠানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সাধারণ এলাকার বিদ্যালয়গুলোকে সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে, ক্লাস্টারকে ১০টা ১৫ মিনিটের মধ্যে, উপজেলা পর্যায়কে ১০টা ৪৫ মিনিটের মধ্যে এবং জেলা কার্যালয়কে ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠাতে হবে। অন্যদিকে ঢাকা সিটি করপোরেশন এলাকার জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে বিদ্যালয় থেকে সকাল ৭টা ৫০ মিনিট, ক্লাস্টার থেকে ৮টা ১৫ মিনিট, থানা থেকে ৮টা ৪৫ মিনিট, জেলা থেকে ১০টা ১৫ মিনিট এবং বিভাগীয় কার্যালয় থেকে বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা রয়েছে।
অধিদপ্তর জানায়, বিভাগীয় কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ থাকলেও অনেক ক্ষেত্রে তা নির্ধারিত সময়ে পাঠানো হচ্ছে না। ফলে শিক্ষকদের উপস্থিতি-সংক্রান্ত দৈনিক মনিটরিং প্রতিবেদন যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে সমস্যা হচ্ছে।
এ অবস্থায় বিভাগীয় উপপরিচালকদের অধীনস্থ সব কার্যালয় থেকে সময়মতো উপস্থিতির তথ্য সংগ্রহ, যাচাই ও সমন্বয় করে প্রতি কার্যদিবসে বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
এম জি