ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬, ০৫:০৪ পিএম
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় শিশুদের সাইকেল চালানোকে কেন্দ্র করে রেহানা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগমের বিরুদ্ধে।
নিহত রেহানা বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকার হাজী ধন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামী মৃত সুরত আলী। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রেহানা বেগম বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে আলিফ উঠানে সাইকেল চালাচ্ছিল। অভিযোগ রয়েছে, সাইকেলের চাকা বারবার বৃদ্ধার পায়ে উঠে যাওয়ায় তিনি শিশুটিকে ধমক দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া ও তাঁর স্ত্রী রিমা বেগম ক্ষিপ্ত হয়ে রেহানা বেগমকে বাঁশ দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিমন বোস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি