মিরাজ আহমেদ, মাগুরা
জুলাই ২৫, ২০২৬, ০৬:১০ পিএম
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।
শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল চত্বর এবং সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন পাওয়া গেলেও বাথরুমগুলো আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান উন্নয়নের লক্ষ্যে রান্নাঘর পরিদর্শন করে আরও ভালো মানের কলা সরবরাহের পরামর্শ দেন। হাসপাতালের ছাদ পরিচ্ছন্ন রাখায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান সিভিল সার্জন।
ডা. মো. শামীম কবির বলেন, হাসপাতালে আগত রোগীরা যেন মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। পরিচ্ছন্নতা, খাদ্যের গুণগত মান এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, হাম নির্মূলে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে হবে। যেসব শিশু টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে, তাদের শনাক্ত করে বাড়ি বাড়ি গিয়ে টিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রচারণা চালানোর কোনো বিকল্প নেই।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে তাদের মতামত নেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং সময়মতো সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সিভিল সার্জনের নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা, টিকাদান কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিভিল সার্জন। তাঁর এ পরিদর্শনকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।
এম জি