জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা)
জুলাই ২৬, ২০২৬, ০২:৪৮ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার আল হেলাল কোল্ড স্টোরেজে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, কোল্ড স্টোরেজের ভেতরে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রি করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং ৫১ পিস ইয়াবাসহ ওই পাঁচ যুবককে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন- উপজেলার শরিফপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রাকিব (২৮), সমেশপুর এলাকার শহীদ মিয়ার ছেলে মো. শাহিন (২৯), জালালপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে সৈকত আহমদ ইমন (২৫), শরিফপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে মেহেদী হাসান শান্ত (২৭) এবং জালালপুর এলাকার মো. মানিকের ছেলে মো. সোহেল রানা (২৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের আলামত ও মাদক উদ্ধার করার পর তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই সাজা দেওয়া হয়।
বুড়িচং থানা-পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত আসামিদের আজ রোববার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেএইচআর