আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৬, ২০২৬, ০২:৫৩ পিএম
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ কারাগারে নিজের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আদালতকে জানান, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন।
রোববার (২৬ জুলাই) বিচারক রবিউল আলমের আদালতে তাকে হাজির করা হলে একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
পলক বলেন, ঘাড়ে আঘাত পাওয়ায় চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলার বিচার চলছে এবং আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায় চলছে।
আদালতের কাছে তিনি অভিযোগ করেন, ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ এর সুযোগ দেওয়ার আবেদন জানান।
এদিন জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওই মামলায় কারাগারে থাকা পলকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
শুনানিকালে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মালবাহী ট্রাকচালক মো. হোসেন নিহত হন। একই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুইজন আহত হন।
পরে নিহতের স্ত্রী মোছা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।
এম জি