আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৬, ১২:২২ পিএম
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার দাম ১.৩৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩.৪০ ডলারে।
এর আগে, হরমুজ প্রণালী প্রায় সাত সপ্তাহ বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়। তবে পরিস্থিতির উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদি পারমাণবিক অস্ত্র না রাখার প্রস্তাব দিয়েছে এবং দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে, গত মার্চে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। যদিও বর্তমানে তা ১০০ ডলারের নিচে নেমেছে, তবুও পুরো সপ্তাহজুড়ে দাম ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান পরিস্থিতিকে জটিল করেছিল। তবে এখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় পূর্ণাঙ্গ শান্তিচুক্তির বদলে একটি সাময়িক সমঝোতার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে, যা ভবিষ্যৎ সংঘাত এড়াতে সহায়ক হতে পারে।
এম জি