বিশেষ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫, ১১:২৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন, পুলিশ এবং আদালত কাঠামোতে এক দিনের ব্যবধানে ব্যাপক রদবদল ও পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার সারাদিনে এক হাজারের বেশি কর্মকর্তা নতুন পদে বা নতুন কর্মস্থলে নিয়োগ পেয়েছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে দায়িত্বশীল পদগুলোর পুনর্বিন্যাসে সরকারের এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে ৬৪ জেলার পুলিশ সুপার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বুধবার এসপি পর্যায়ে উল্লেখযোগ্য বদলি–পদায়ন করা হয়েছে। ৫০ জন বিদায়ী এসপিকে এক জেলা থেকে অন্য জেলায় সরিয়ে দেওয়া হয়েছে, আরও ১৪ কর্মকর্তাকে প্রথমবারের মতো জেলা পুলিশের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইদিন রাজশাহীতে নতুন পুলিশ কমিশনার নিয়োগ এবং পুলিশের ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে ৫০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। নতুন ডিসিদের নিয়োগের পর এবার উপজেলা প্রশাসনেও বড় রদবদল আসে।
একটি প্রজ্ঞাপনে ১৬৬ জন সিনিয়র সহকারী সচিবকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসি, এসপি ও ইউএনওরা জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচনী লজিস্টিক ব্যবস্থাপনা এসব গুরুত্বপূর্ণ দায়িত্বই তাদের ওপর ন্যস্ত থাকে। যদিও এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কারা হবেন, তা এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
একই দিনে নিম্ন আদালতের তিন পর্যায়ে ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫০ জন অতিরিক্ত জেলা জজ, ২৯৪ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ, ২৮২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত হয়েছেন। বিচার বিভাগে এ ধরনের বৃহৎ পরিসরের পদোন্নতি বছর শেষে সচরাচর দেখা গেলেও নির্বাচনের কয়েক সপ্তাহ আগে হওয়ায় এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বুধবার প্রকাশিত আদেশে দেশের প্রায় প্রতিটি বিভাগের একাধিক জেলায় নতুন এসপি পদায়ন করা হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য বদলি হলো, ঢাকা জেলার এসপি মো. আনিসুজ্জামান এখন কুমিল্লায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসীম উদ্দিন গেছেন কুষ্টিয়ায়, গাজীপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেক জামালপুরে, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলাম এখন সিরাজগঞ্জে, নরসিংদীর এসপি মো. মেনহাজুল আলম মুন্সিগঞ্জে নতুন দায়িত্বে, ডিএমপি উপকমিশনার সাইফুল ইসলামকে ফেনীর এসপি হিসেবে পদায়ন।
এছাড়া বাগেরহাট, পটুয়াখালী, ঝালকাঠি, মেহেরপুর, পিরোজপুর, সুনামগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, দিনাজপুর, কক্সবাজারসহ বহু জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির তালিকায় নারী কর্মকর্তাদেরও উল্লেখযোগ্য নিয়োগ রয়েছে। এর মধ্যে মানিকগঞ্জের এসপি মোছা ইয়াছমিন খাতুনকে পাঠানো হয়েছে হবিগঞ্জে এবং মিনা মাহমুদাকে পাঠানো হয়েছে জয়পুরহাটে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে পুনর্গঠনের এই উদ্যোগ থেকে বোঝা যায় সরকার নির্বাচনকালীন দায়িত্বগুলোতে নতুন করে আস্থা স্থাপন করতে চায়। অন্তর্বর্তী সরকারের একাধিক সদস্য জানিয়েছেন, ভোটকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন অপরিহার্য ছিল।
নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষায় থাকলেও দেশের প্রশাসনিক চিত্রে যে বড় পরিবর্তন ইতিমধ্যেই দৃশ্যমান, তাতে ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশন শিগগিরই রিটার্নিং কর্মকর্তাদের নাম ঘোষণা করবে, এবং নির্বাচন সম্পর্কিত মাঠ প্রস্তুতি আরও গতি পাবে।
ইএইচ