নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ২২, ২০২৫, ১১:২৭ এএম
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে স্থিতিশীলতা বজায় রাখতে উচ্চপর্যায়ের এক বিশেষ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৈঠকে তিনি যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিস্তারিত জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। প্রধান উপদেষ্টা শহীদ হাদি হত্যায় জড়িতদের এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে লিপ্তদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এছাড়া বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পাশাপাশি, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী তিনজনকে শনাক্ত করার বিষয়টিও বৈঠকে জানানো হয়। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
ইএইচ