ঝালকাঠি প্রতিনিধি
জুন ৪, ২০২৬, ০৬:১৫ পিএম
‘ধর্ষণে ভুক্তভোগীর পাশে দাঁড়াই, অপরাধীকে বয়কট করি। ধর্ষণ একটি জঘন্য অপরাধ, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি প্রতিবাদী, আমি সচেতন, আমি চুপ থাকব না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, মেডিকেল অফিসার ডা. সিয়াম আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা জামান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সাংবাদিক মানিক রায়, মিজানুর রহমান মুবিন, রিয়াজুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা এবং অন্যান্যরা।
সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। শুধু শাস্তির ভয় দেখিয়ে এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের চর্চা বাড়ানো জরুরি। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং কোনো অপরাধের ঘটনায় নীরব না থেকে প্রতিবাদ করতে হবে।
সভায় বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এম জি