কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
জুন ১৩, ২০২৩, ০৫:২৭ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা-বল্লা রাস্তার দুই পাশে ৩ফিট করে ইট সলিং কাজে নিম্নমানের ইট ব্যবহার রোলারের স্পর্শ ছাড়াই রাস্তায় ইটের কাজের অভিযোগ উঠেছে। এতে করে নষ্ট হচ্ছে সরকারের শত শত কোটি টাকা।
সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা- বল্লা রোড, এলেঙ্গার রেল লাইনের ধার থেকে এলেঙ্গা পৌরসভার ভবানীপুর চর পাড়া পর্যন্ত এক কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৮ শত মিটার রাস্তার দুই পাশে ৩ফিট ইটের সলিং এর কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট, নিয়ম অনুসারে রাস্তার মাটি রোলার দিয়ে প্রেসার দেওয়ার পর ইটের কাজ করার কথা থাকলেও তার কোন চিহ্ন দেখা যায়নি।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই কাজে কোন দিন রোলার ব্যবহার করতে দেখা যায়নি। রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, আমরা সাধারণ মানুষ কোন কথা বললে আমাদেরকে প্রশাসনের ভয় দেখান ঠিকাদার। লোক দেখানো কাজ করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
ভ্যান চালক জুলহাস জানান, এখান দিয়েই প্রতিনিয়তই ভ্যান চালাতে হয়। বড় গাড়ি দেখে সাইড দিতে ইটের সলিং এর উপরে খালি ভ্যানের চাকা ওঠলেই ইট সরে যাওয়ার ফলে বেকায়দায় পড়তে হয়, সাইটের কাজ করার আগেই ভালো ছিলো। ভালো ভাবে কাজ না করায়, এজন্যে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।
এবিষয়ে ওই রাস্তার ঠিকাদারকে বার বার মোবাইল ফোনে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ- আলম সিদ্দিকী এবিষয়ে জানান, যদিও আমার দায়িত্বে কাজ না, আমি দেখে ব্যবস্থা গ্রহণ করব।
কালিহাতী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম এবিষয়ে জানান, পরিপূর্ণ কাজ শেষ না করলে বিল আটকে দিবে। ঠিকাদার বিল তুলতে পারবেনা।