নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি
মে ৩১, ২০২৪, ০৩:১৭ পিএম
ঢাকার নবাবগঞ্জে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করার অভিযোগে আলকাম ওরফে কামরুল নামে কথিত ভুয়া পুলিশ আটকে আটক করা হয়েছে।
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানার পুলিশ। আলকাম উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া এলাকার বাসিন্দা। তার পিাতার নাম আব্দুল ওহাব।
শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুয়া পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, আসামি আলকাম ওরফে কামরুল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে স্কুল ছাত্রীর সাথে সর্ম্পক গড়ে এবং বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু ভুক্তভোগী ছাত্রীর বয়স (১৮) না হওয়ার কারণে পরে বিবাহ করবে বলে জানায় মেয়েটির পরিবারকে। অতঃপর গত ৩১ মার্চ দুপুরে গালিমপুর বাজার এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে রাজধানী ঢাকা নিয়ে যায়। কিছুদিন পর ঢাকা থেকে পঞ্চগড় নিয়ে যায়। অপহরণকৃত মেয়েটির সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। সে আপত্তিকর ছবি তুলে ও ভিডিও ভাইরালের কথা বলে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকৃত মেয়েটির স্বজনদের কাছে। টাকা না দিলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার হুমকি দেয় প্রতারক আলকম।
এ বিষয়ে পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত করে এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে অবগত করেন।
পরবর্তী সময়ে পুলিশ সুপারের নির্দেশক্রমে নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জালাল, মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মো. আমিরুল ইসলামসসহ পুলিশের একটি দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার ওই প্রতারককে গ্রেপ্তার করে।
প্রতারক আলকাম পুলিশের কাছে অপহরণ ও মেয়েটি সাথে হওয়া ঘটনার বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে আলকামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইএইচ