জুন ৫, ২০২৬, ০১:৫২ এএম
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় খেলাধুলাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটের দিকে বিরোধের জেরে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই উত্তেজনা স্টেশন এলাকা ও আশপাশে ছড়িয়ে পড়লে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত ভৈরব স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে স্টেশনের উভয় প্রান্তে ট্রেনগুলোকে অপেক্ষায় রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের কয়েকটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী-
মহানগর গোধূলি (৭০৩) রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব স্টেশনের বাইরে অপেক্ষমাণ রয়েছে।
পারাবত এক্সপ্রেস (৭১০) রাত ৯টা ৩৩ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে অবস্থান করছে।
এগারোসিন্ধুর গোধূলি (৭৪৯) রাত ৯টা ২২ মিনিট থেকে নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে থেমে আছে।
নরসিংদী কমিউটার রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে আটকে রয়েছে।
কন্টেইনার ট্রেন (৬০৬) রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে অবস্থান করছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হবে।
এম জি
