নয়ন, ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫, ১২:৩০ পিএম
ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নের রনকাইল বিলে ব্যাপক উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শনিবার বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত অন্তত ১৫ টি ছোট-বড় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজক ও দর্শনার্থী সূত্রে জানা গেছে, নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে বিভিন্নস্থান থেকে হাজার হাজার মানুষ বিলে পাড়ে জড়ো হতে শুরু করে।
বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার দর্শকদের পদচারণায় বিল এলাকা আনন্দ উৎসবে রূপ নেয়। এছাড়াও এ বাইচ উপলক্ষ্যে হরেক রকমের মুখরোচক খাবারের দোকানসহ শিশুদের খেলনাসামগ্রী দোকানের পশরা বসে। হরেক রকমের মিষ্টি, সন্দেশ, জিলাপি দানাদারসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।
বাইচ দেখতে আসা আবেদ আলী বলেন,রনকাইল বিলটি পদ্মবিল নামেও পরিচিত। প্রতিদিন বিকেলে নৌকায় চড়ে মানুষ ঘুরে বেড়িয়ে আনন্দ পায়। এবারই প্রথম নৌকাবাইচ হচ্ছে।
আরেক দর্শনার্থী রাকিব মোল্লা বলেন, আগের মতো খালবিলে পানি না থাকায় নৌকা বাইচ এখন খুবই কম হয়। ছোটকাল থেকে দেখে আসছি। এ বিলে নৌকা বাইচের খবর শুনে প্রায় আট কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষক জাহিদ হাসান বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য। নৌকার বৈঠার তালে তালে ও ঝুমুর-কাশির টং টং ও বাঁশির আওয়াজে মুখরিত হয় পুরো বিল এলাকা। বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
জানতে চাইলে কানাইপুর ইউপি চেয়ারম্যান ও নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, এই প্রথম এই বিলে নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে ছোট-বড় মিলিয়ে ১৫ টি বাইচের নৌকা বাইচে অংশ নেয়। বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ফ্রিজ,টিভি ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইশরাত জাহান বলেন, নৌকা বাইচ দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যাওয়া হয়নি।
জেএইচআর