স্পোর্টস ডেস্ক
জুলাই ১৯, ২০২৬, ০৯:০০ পিএম
স্পেনের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই ‘লা রোহা’র অন্যতম বড় ভরসায় পরিণত হওয়া এই উইঙ্গার বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের জন্য দিয়েছেন একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি। শিরোপা জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার পাশাপাশি ১০০টি হেডফোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিততে পারি, তাহলে আমি তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটব না। পাশাপাশি ১০০টি বিটস হেডফোনও উপহার দেব।’ বিশ্বকাপে এটি হতে যাচ্ছে তার অভিষেক আসর। তবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা একেবারে নতুন নয়। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
ইউরো জয়ের স্মৃতি তুলে ধরে ইয়ামাল বলেন, বড় আসরের প্রথম ম্যাচে স্নায়ুচাপ থাকাটা স্বাভাবিক। তবে সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন, শুরুটা প্রত্যাশামতো না হলেও পুরো টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। তার ভাষায়, প্রথম ম্যাচের পর তিনি বুঝেছিলেন যে একটি খারাপ পারফরম্যান্স মানেই সব শেষ নয়। বরং ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। তিনি বলেন, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তিনিই জিতবেন। তবে পরে উপলব্ধি করেছেন, গতবার ফরাসি তারকা উসমান দেম্বেলের জয়ই সবচেয়ে উপযুক্ত ছিল। ইয়ামালের মতে, তখন তিনি এতটাই তরুণ ছিলেন যে ব্যালন ডি’অরের প্রকৃত মূল্য হয়তো পুরোপুরি উপলব্ধি করতে পারতেন না।
দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, ফরাসি এই তারকার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। দেম্বেলে বিভিন্ন সময় তাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং কঠিন মুহূর্তে মানসিকভাবে পাশে থেকেছেন। নিজের ফুটবল ক্যারিয়ারের উন্নয়নে দেম্বেলের ভূমিকা অনেক বড় বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ (সোমবার) পেরুর বিপক্ষে মাঠে নামবে স্পেন। এরপর মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ হবে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। তরুণ ইয়ামালকে ঘিরেই এবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেনের সমর্থকরা।
এএন