শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:২৫ পিএম
বগুড়ার শাজাহানপুরে ডাকাতির সময় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাদিক পার্ক সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ফরিদপুরগামী একটি পাটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০১২০) মহাসড়কে পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিস্ফোরিত হয়। চাকা মেরামতের একপর্যায়ে হঠাৎ নাম্বারবিহীন একটি পালসার মোটরসাইকেলে আসা তিন যুবক ট্রাক চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে কেবিন থেকে প্রায় ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শাজাহানপুর থানার স্পেশাল-১২ ডিউটি পার্টি ঘটনাস্থলে পৌঁছালে দুই দস্যু পালিয়ে যায়।
তবে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মো. সুমন হোসেন নামে এক দস্যুকে আটকানোর চেষ্টা করলে সে কনস্টেবল শাহারিয়ার হোসেনের পেটে পিস্তল ঠেকায়। ধস্তাধস্তির একপর্যায়ে কনস্টেবল শাহারিয়ার আসামীর হাত থেকে বিদেশি পিস্তলটি কেড়ে নেন। পরে উপস্থিত অন্য পুলিশ সদস্যদের সহায়তায় সুমনকে আটক করা হয়।
খবর পেয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আসামিকে থানায় নিয়ে যান। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি সংঘবদ্ধ দস্যু চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইএইচ