বরিশাল ব্যুরো
অক্টোবর ১১, ২০২৫, ০১:৫৯ পিএম
বরিশালের আল মাদানী সড়কে স্বামী শাহীনের বাসা থেকে নববধূ লামিয়া আক্তার বর্ষা (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র তিন মাস আগে প্রেম করে বিয়ে করা এই তরুণীকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মো. বেলায়েত খানের মেয়ে বর্ষা তিন মাস আগে শাহীন মিয়ার ছেলে সিয়ামকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল। প্রতিবেশীরাও জানিয়েছেন, শারীরিক ও মানসিক নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা।
বৃহস্পতিবার রাতে লামিয়ার অসুস্থতার খবর পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পিতা বেলায়েত খান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নানা অজুহাতে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত আমার মেয়েকে তারা মেরে ফেলল।
কোতোয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সব সদস্য পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে
জেএইচআর