আন্তর্জাতিক ডেস্ক
জুন ৫, ২০২৬, ১১:৩৯ এএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং সুদের হার আরও বাড়তে পারে-এমন আশঙ্কার প্রভাবে শুক্রবার (৫ জুন) মূল্যবান ধাতুটির দামে পতন দেখা গেছে।
বাজার তথ্য অনুযায়ী, স্পট স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫২ দশমিক ২০ ডলারে নেমে এসেছে। ফলে সপ্তাহজুড়ে স্বর্ণের মোট দরপতন দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৮ শতাংশে।
অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে নেমেছে।
ধাতুবাজার বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুর সম্ভাব্য সমাধান নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বাড়িয়েছে। একই সঙ্গে সুদের হার আরও কঠোর হতে পারে-এমন প্রত্যাশাও স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।
সাধারণভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও সুদের হার বাড়লে সুদবিহীন এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।
বাজার পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৫১ শতাংশ। এ কারণে বিনিয়োগকারীদের দৃষ্টি এখন মে মাসের কর্মসংস্থানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের দিকে, যা ভবিষ্যৎ মুদ্রানীতির ইঙ্গিত দিতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন লক্ষ্য করা গেছে। রুপার দাম দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৮৯ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৮৭৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্যালাডিয়ামের মূল্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮ দশমিক ৪৫ ডলারে নেমেছে।
সপ্তাহের শেষ দিকে এসে প্রায় সব ধরনের মূল্যবান ধাতুই ক্ষতির মুখে পড়েছে। ফলে পুরো সপ্তাহজুড়েই ধাতব বাজারে দরপতনের প্রবণতা অব্যাহত ছিল।
এম জি