নাটোর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫, ০৫:২০ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যসেবা রয়েছে। অথচ আওয়ামী লীগ এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে। তারা কাজ না করে, ওষুধ সরবরাহ না করে, শত শত-হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ চরম সংকটে।”
তিনি বলেন, “প্রিয় ভাইয়েরা, আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফার মধ্যে ২৬তম দফায় জনগণের স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও পল্লী চিকিৎসকদের উন্নয়ন বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন করা হবে। তারেক রহমান সাহেব পল্লী চিকিৎসকদের উন্নয়ন নিশ্চিত করবেন।”
সোমবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের (বিএনপিডিএ) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম সারোয়ার, সহ-সভাপতি ডা. এম. ও. আজিজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দুলু আরও বলেন, “এই সরকার জনগণের স্বাস্থ্য অধিকার কেড়ে নিয়েছে। হাসপাতালগুলোর অবস্থা করুণ। চিকিৎসকরা সঠিকভাবে কাজ করতে পারছেন না। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
ইএইচ